খাল-নদী দখলের দায়ে সাজা
‘সরকারি জমি-খাল-নদী’ দখল করে মার্কেটসহ ভবন নির্মাণ করার দায়ে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বরিশাট গ্রামের আজিজ সরকারে ছেলে আজিজুল হক অবৈধ দখলের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের জেল প্রদান করে।
একই সময় অবৈধভাবে বালু তোলার দায়ে অপর এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, আজিজুল কুমার নদের সেতু সংলগ্ন টুপিপাড়া এলাকায় নদীর তীর, মাগুরা-শ্রীপুর প্রধান সড়ক ও মুচিখালী খালের জমি অবৈধভাবে দখল নিয়ে সেখানে মার্কেট ও বহুতল ভবন নির্মাণ করে আসছে।
এমন অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি সরেজমিন পরিদর্শন শেষে এই সাজা দেন।
অপর দিকে একই সময় উপজেলার কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে খামারপাড়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে সঞ্জয় সরকারকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা এবং ড্রেজারটি আটক করা হয়েছে।
