২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত খুলনার বরখাস্ত মেয়র মনি

জামিনে মুক্তি পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র মনিরুজ্জামান মনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার সন্ধ্যায় ২৭ দিন কারাভোগ শেষে খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হন নগর বিএনপির এ সাধারণ সম্পাদক।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কারা ফটকে তাকে স্বাগত জানান।

মনির আইনজীবী গোলাম মওলা বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর সোমবার খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

নাশকতার দুটি মামলায় গত ২৩ মার্চ খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমপর্ণ করেন মনিরুজ্জামান মনি। পরে মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনার জেল সুপার কামরুল ইসলাম বলেন, দুটি মামলার জামিনের কাগজ কারাগারে পৌঁছানোয় সন্ধ্যার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউস মোড়ে বিএনপির কর্মসূচির সময় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে মেয়র মনিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এছাড়া ২০১৪ সালের ৪ জানুয়ারি মেয়রের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

২০১৫ সালের ৩০ এপ্রিল প্রথম মামলার তদন্ত কর্মকর্তা মেয়রসহ ৫২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলে একই বছর ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।