২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘নৌকার প্রার্থীদের বিরুদ্ধে’ মৎস্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার চিহ্নিত রাজাকারপুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার অভিযোগের পর এবার নৌকা মার্কার প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 12:46 AM

Updated : 20 Aug 2022, 12:29 PM

নাসিরনগর উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউনিয়নে মন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে প্রশাসন ‘অপ-তৎপরতা’ চালাচ্ছে বলে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে জেলা আওয়ামী লীগ।

এর আগে মন্ত্রী ছায়েদুল একক সিদ্ধান্তে হরিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ‘রাজাকার’ তাজুল ইসলামের ছেলে ফারুক মিয়াকে নৌকা প্রতীকের প্রার্থী করেন বলে  স্থানীয়  নেতাকর্মীরা অভিযোগ তোলেন। 

এছাড়া গুনিয়াউক ইউনিয়নে মন্ত্রীর ভাগ্নে হুমায়ুন কবির দরবেশকে মনোনয়ন দেওয়ার বিরোধিতাও করেন স্থানীয় নেতারা। 

এ নিয়ে আলোচনা ওঠার পর নৌকা প্রর্তীকের প্রার্থীদের পাল্টানো হয়।

রোববারের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খোকন ও সৈয়দ নজরুল ইসলাম।

আল মামুন বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পাশ কাটিয়ে দলের নীতিমালা লঙ্ঘন করে ডাক বাংলোয় বসে মন্ত্রী সে সময় প্রার্থী চূড়ান্ত করেন।

গুনিয়াউক ইউনিয়নে একজন জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে মন্ত্রীর ভাগ্নে হুমায়ুন কবির দরবেশকে মনোনয়ন দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, “হরিপুর ইউনিয়নে একজন রাজাকারপুত্রকে মনোনয়ন দেওয়া হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানান।

“এর প্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে এ দুটি ইউনিয়নে মনোনয়ন পুনর্বিবেচনা করতে বললে জেলা আওয়ামী লীগ দুজন প্রার্থী বাছাই করে দেয়।”

এতে মৎস্য মন্ত্রী ক্ষুব্ধ হয়ে এ দুই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয় করাতে স্থানীয় প্রশাসনকে দিয়ে প্রার্থীদের হয়রানি করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “হরিপুর ইউনিয়নে রাশেদ নামে একজনকে বিদ্রোহী প্রার্থী করা হয়েছে, যাতে আওয়ামী লীগের প্রার্থীর ভোট নষ্ট হয় এবং বিএনপি প্রার্থী জামাল জয়ী হয়।”

এছাড়া গুনিয়াউক ইউনিয়নে বিএনপি প্রার্থীর পক্ষে এই মন্ত্রী কাজ করছেন বলে জেলা আওয়ামী লীগের এই নেতার অভিযোগ।

তিনি দাবি করেন, সেখানে মন্ত্রীর ভাগ্নে মনোনয়ন বঞ্চিত হুমায়ুন কবির দরবেশ বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন। তার নেতৃত্বে শুক্রবার গুনিয়াউকের গুটমা গ্রামে আওয়ামী লীগ প্রার্থীর ব্যানার ও পোস্টার পুড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী গোলাম সামদানী শনিবার থানায় মামলা করতে গেলেও নাসিরনগর থানার ওসি আবদুল কাদের তা নথিভুক্ত করেননি বলে অভিযোগ করেন আল মামুন সরকার।

“উল্টো আওয়ামী লীগের দুজন একনিষ্ঠ কর্মী দুলাল মিয়া (৪৪) ও সোয়াব মিয়াকে (৪০) রাতে ঘুম থেকে তুলে আনে পুলিশ।”

“তাদেরকে জামায়াত-শিবির বানিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় জেলে পাঠান ওসি।” 

বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছেন উল্লেখ করে তিনি দাবি করেন, “ওসি আমাকে বলেছেন মন্ত্রীর নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করে এ ধরনের মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে এসব অভিযোগ তদন্ত করে দেখার আবেদন জানান।

এছাড়া, নির্বাচন কমিশনের কাছে এই দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীসহ সমর্থকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি’ করার অভিযোগে ওসিকে প্রত্যাহারের এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রী হিসেবে নয় এলাকার একজন নাগরিক হিসেবে তার অভিযোগ পেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য করবেন না জানিয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে। আমরা কোনো ভুল করছি কি না, তা ইসি দেখবে।”

এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পুরনো খবর:

‘রাজাকারপুত্র’ আওয়ামী লীগের প্রার্থী
রাজাকারপুত্র আ. লীগ প্রার্থী, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ