পটুয়াখালীতে আ. লীগ নেতাকে গুলি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়িতে ঢুকে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
মির্জাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শনিবার গভীর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রাকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. সেলিম গাজী (৪০) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক মাহামুদুল হাসান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় মো. সেলিম গাজী চিকিৎসাধীন আছেন।
তিনি শঙ্কামুক্ত।
ওসি বলেন, রাত আড়াইটার দিকে ৩/৪ জনের একটি দল বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সেলিম গাজীকে বেঁধে ফেলে এবং তার পায়ে গুলি করে।
“দুর্বৃত্তরা আলমারি থেকে নগদ ৫৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে সেলিম গাজীর স্ত্রী জানিয়েছেন।”
