২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পুলিশের ‘ধাওয়ায়’ যুবকের মৃত্যু, ক্যাম্পে হামলা

রংপুরের হারাগাছ পৌর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক যুবকের মুত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 01:45 AM

Updated : 20 Aug 2022, 12:28 PM

শনিবার রাত ৯টার দিকের এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। 

পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে রাত পৌনে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইপিএলকে কেন্দ্র করে পৌর এলাকার হক বাজারের গণি মার্কেটের একটি কক্ষে জুয়া চলছিল।

“রাত ৯টার দিকে হারাগাছ পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই মামুনুর রশীদসহ কয়েকজন পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়।

“এসময় কয়েজনকে মারপিটও করে পুলিশ। দৌড়ে পালাতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আজিজুল ইসলাম (২৬)। এলাকাবাসী আজিজুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ফারুক আহমেদ বলেন, আজিজুলের শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ইএমও ফারুক।

নিহত আজিজুল হারাগাছ পৌরসভার হক বাজার বেলকোটারি এলাকার আনিছুল হকের ছেলে।

আনিছুল জানান, আজিজুল রংপুর নগরীর ধাপ এলাকায় ল্যাব এইডের চিকিৎসক আনোয়ার হোসেনের সহকারী ছিলেন।

এ ব্যাপারে এসআই মামুন বলেন, “আইপিএল ক্রিকেট খেলাকে ঘিরে হকবাজারের একটি কক্ষে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছিল।

“বিষয়টি জানতে পেরে কয়েকজন পুলিশ নিয়ে সেখানে যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে যায়। পালাতে গিয়ে আজিজুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন। আমরাই তাকে হারাগাছ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।”  

তিনি বলেন, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হকবাজার এলাকার শত শত মানুষ হারাগাছ পৌরসভা ভবনে অবস্থিত পুলিশ ক্যাম্প ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং দরজা জানালা ভাঙচুর করে।

“আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।