থানছিতে ৩ গরু ব্যবসায়ী অপহৃত, আটক ২
বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার ডিম পাহাড় এলাকা থেকে তিন গরু ব্যবসায়ীকে অপহরণের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন থানছি উপজেলার সত্যমনি ত্রিপুরা পাড়ার বাসিন্দা যোহন ত্রিপুরা (২৪) ও থানছি বাজারের মো. ফজল আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৮)।
থানছি থানার এসআই মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে তিন গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়েছে।
“পরে আটক দুইজনকে সাথে নিয়ে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধারে নেমেছে পুলিশ।”
অপহৃতরা হলেন আলীকদম থানার মো. আবু বক্কর (২৮), মো. নুরুল আবছার (৩০) ও মো. শাহাব উদ্দিন (৪০)।
অপরদিকে থানছি সদর ইউনিয়নের চেয়ারম্যান মাংসার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, অপহরণকারীরা শুক্রবার দুপুরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
তবে পুলিশ মুক্তিপণের বিষয়ে কিছু বলেনি।
