‘আছাড় দিয়ে’ শিশু হত্যার আসামি গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় ‘কান্নার শব্দে’ বিরক্ত হয়ে ভাড়াটিয়ার তিন বছর বয়সী ছেলেকে ‘আছাড় দিয়ে’ হত্যার ঘটনায় বাড়িওয়ালার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতাল এলাকা থেকে নূপুর বেগমকে গ্রেপ্তার করে শনিবার রাত ৮টার দিকে বানারীপাড়া থানায় আনা হয় বলে ওসি জিয়াউল আহসান জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রযুক্তি ব্যবহার করে পুলিশ নূপুরের অবস্থান শনাক্ত করে। পরে তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকার বাদলা মৃধার বাড়ির ভাড়াটিয়া রিপন শেখের ছেলে হাফিজ (৩) নিজেদের ঘরে কাঁদছিল।
‘কান্নার শব্দে’ ক্ষিপ্ত হয়ে বাদলার স্ত্রী নূপুর এসে তাকে আছাড় দিলে বুক ও মাথায় আঘাত পায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও ওই দিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে নূপুর বেগমকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন রিকশা চালক বাবা রিপন শেখ।
ঘটনার পর থেকে নূপুর বেগম পলাতক ছিলেন।
