বিএনপি নেতারা ‘মিথ্যাচার ছেড়ে সুষ্ঠু রাজনীতিতে’ ফিরুক: হানিফ
বিএনপিকে দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে দলটির নেতাদের মিথ্যাচার ছেড়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার কুষ্টিয়া শহরের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি একটি বড় দল; সেই দলের নেতারা মিথ্যাচার বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসুক- তবেই জনগণ ভবিষ্যতে হয়তো তাদের উপর আবার আস্থা রাখতে পারে।”
বেলা সাড়ে ১১টায় দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের প্রতি ‘সহিংসতা ছেড়ে ভালবাসার রাজনীতিতে’ ফিরে আসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক আহ্বানের জবাবে বিএনপি নেতাদের মুখে অহিংসার কথা মানায় না বলেও মন্তব্য করেন হানিফ।
তিনি বলেন, “যে মির্জা ফখরুল ও তাদের নেত্রী বেগম জিয়া, যারা ক্ষমতার লোভে মানুষের উপর বার বার আঘাত করেছে- ২০১৩ ও ১৫ সালে সারাদেশকে ধ্বশলীলায় পরিণত করেছিল, তাদের মুখে অহিংস কথা মানায় না।
“এ সরকার সহিংসতার রাজনীতি করছে না; বরং সহিংসতাকারীদের ধরে আইনের আওতায় এনে বিচার করছে। তারা নিজেদের অপরাধ ঢাকার জন্য এখন সরলতার আশ্রয় নিচ্ছে।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গেও কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা হানিফ।
“বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবির পর এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। প্রচলিত আইনে যারা সর্বোচ্চ অপরাধী তারা সর্বোচ্চ সাজা পেয়েছে। এখানে কারো কোনো ব্যক্তিগত মত দেওয়ার সুযোগ নেই।”
জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
