২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীগঞ্জ মাঠ রক্ষায় ‘২ কিলোমিটার’ দীর্ঘ মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিতে দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 09:29 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

শনিবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ থেকে শুরু করে মানববন্ধনটি পাগলা বাজার এলাকা পর্যন্ত পৌঁছায়।

আয়োজকদের জানান, দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে তারা।

মানববন্ধন থেকে যে কোন মূল্যে ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি রক্ষায় শপথ নেওয়া হয়।এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করা হয়।

গত ৭ এপ্রিল একনেকের সভায় ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ১১ দশমিক ৬৫ একর জমিতে ১৫ তলা বিশিষ্ট ৮টি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই জমির মধ্যে আলীগঞ্জ মাঠের ৫ দশমিক ৭০ একর জমিও রয়েছে।

একনেকের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গত ১০ এপ্রিল হাই কোর্টের একটি বেঞ্চে রিট পিটিশন করেন কাউসার আহমেদ পলাশ। উচ্চ আদালতের ওই বেঞ্চ পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল নিশি জারি করে।

মানববন্ধনে কাউসার আহমেদ পলাশ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করার। কিন্তু ঐতিহ্যবাহী আলীগঞ্জ মাঠটি ধ্বংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

“এ মাঠে আমরা খেলেছি। খেলেছে দেশ এবং বিদেশের অনেক স্বনামধন্য ক্রিকেটার এবং ফুটবলার। এখন আমাদের পরবর্তী প্রজন্ম এই মাঠে খেলছে। এখানে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জহির।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশ, বাংলাদেশ স্টীল মিল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সিএসআরএম এর স্বত্তাধিকারী শাহজাহান, সানাউল্লাহ, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিক্রম কুমার সরকার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিত্যিক শরীফ উদ্দিন সবুজ, জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার, পাগলা বাজার জামে মসজিদের খতিব আনোয়ার হোসেন জিহাদী, শিল্পপতি মনির হোসেন এবং ফুটবল কোচ তাফাজ্জল হোসেন।

মানববন্ধনে আলীগঞ্জ খেলার মাঠের আশপাশে থাকা চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, স্থানীয় বিভিন্ন স্তরের শ্রমিক, এলাকার বয়স্ক মানুষসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।