২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বলী খেলার পাশে জুয়ার আসর নিয়ে লুকোচুরি

‘ডিসি সাহেবের বলী খেলা’ ও মেলার প্রাঙ্গণে জুয়ার আসর বন্ধ করা নিয়ে চলছে ‘লুকোচুরি’। পুলিশ এসব আসর বন্ধ করে দেওয়ার পরপরই ফের বসছে জুয়ার বোর্ড।

কক্সবাজার প্রতিনিধি

শংকর বড়ুয়া রুমি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 07:44 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন সড়কের পাশে দিনে-রাতে প্রকাশ্যে জুয়ার আসর বসলেও প্রশাসন নির্বিকার। যদিও জেলা প্রশাসকের ‘নিষেধ রয়েছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, “পদাধিকার বলে আমি সভাপতি হলেও মূলত বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজন-সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে জেলা ক্রীড়া সংস্থা।

“মেলায় জুয়ার আসর বসার খবর শুনে শুক্রবারই তা বন্ধ করতে আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

“কয়েকবার বন্ধ করে দেওয়ার পরও ফের জুয়ার আসর বসতে থাকায় পুলিশ কতবার তা বন্ধ করতে পারে?”

শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয় দুই দিনব্যাপী ‘ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা’। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

মেলা ঘুরে দেখা গেছে, স্টেডিয়ামের অভ্যন্তরে বলী খেলা এবং বাইরে স্টেডিয়ামের সামনের সড়ক পাশে ও কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে বসেছে মেলার বিভিন্ন স্টল। আর জুয়ার আসার বসেছে সড়কের পাশের টেনিস কোর্টের সামনে।

শুক্রবার বিকাল থেকে ৭টি জুয়ার আসর বসতে দেখেন এই প্রতিবদেক। 

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৎস্য ব্যবসায়ী কামাল হোসেন বলেন, “শুক্রবার সকালে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ কিনে বাজারে বিক্রির পর আমার আড়াই হাজার টাকার বেশি লাভ হয়েছে। বিকালে সাড়ে ৪টার দিকে বলী খেলা উপভোগ শেষে ফেরার পথে সড়কের পাশে লোকজনের জটলা দেখে এগিয়ে যাই।

“লোকজন জুয়া খেলে জয়ী হয়ে টাকা পেতে দেখে লোভ সামলাতে না পেরে আমিও অংশগ্রহণ করি।

“খেলার প্রথমদিকে আমি লাভবান হলেও এক পর্যায়ে আমি হারতে থাকি। হারানো টাকা ফিরে পেতে আমি খেলতে থাকলে এক পর্যায়ে ব্যবসার লাভের টাকাসহ মূলধনও জুয়ায় খোঁয়া যায়।”

তার এক অংশীদার জুয়ায় ৬ হাজার টাকা খুঁইয়েছেন বলে জানান তিনি।

কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, “বলী খেলা উপভোগ করতে আসার সময় আমার বাবা দুশ টাকা দেন।

“জটলা দেখে কৌতুহল বশত জুয়া খেলায় আমি অংশ নি। জুয়ায় সব টাকা হারানোর পর আর কোন টাকা না থাকায় জুয়ারী সিন্ডিকেটের লোকজন আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও টাকার অংকে বোর্ডের উপর বসিয়ে দেয়।

“এক পর্যায়ে আমি জুয়ায় মোবাইলটিও হারিয়ে ফেলি।”

অভিযোগ রয়েছে প্রভাবশালীদের টাকার বিনিময়ে ম্যানেজ করেই এই জুয়ার আসর বসছে।

জুয়ার আসর বসানোর ব্যাপারে কথা বলতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন কবিরের মোবআইল ফোনে একাধিবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “মেলায় জুয়ার আসর বসার খবরে পুলিশ শুক্রবার বিকাল ও রাতে দুই দফা অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এরপরও জুয়া আসর বসিয়েছে বলে পুলিশ জেনেছে।জুয়ার আসর বন্ধে পুলিশ আবারও অভিযান চালাবে বলে জানান তিনি।

তবে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানা থেকে গাড়িতে ৫ মিনিটের দূরত্বে এই

মেলা প্রাঙ্গনে ঘুরে দেখা গেছে, জম-জমাটভাবেই চলছে জুয়ার আসর।