নতুন বছর বরণে মাগুরায় ডোঙ্গা বাইচ
নতুন বছরকে বরণ করে নিয়ে মাগুরায় হলে গেল এক ব্যতিক্রমী আয়োজন।
শুক্রবার শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা।
‘শহীদ লুতশ সংঘ’ এর আয়োজনে এ ডোঙ্গা বাইচের পাশাপশি নবগঙ্গা চরে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়।
আয়োজকরা বলছেন, নবগঙ্গা নদী সংকুচিত হয়ে যাওয়ায় নৌকা বাইচের বদলে তালের ডোঙ্গা বাইচের আয়োজন করা হয়েছে; যার মাধ্যমে কিছুটা হলেও বাংলার ঐতিহ্যকে তুলে ধরা সম্ভব হয়েছে।
ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী নবগঙ্গা পাড়ে ভিড় জমায়। বিকালে গ্রামীণ মেলা আর রাতে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
শহীদ লুতশ সংঘের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, “ঢাকার রোড ব্রিজ থেকে শুরু হয়ে পারনান্দুয়ালী খেয়া ঘাট পর্যন্ত এক কিলোমিটার বাইচ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় পারানান্দুয়ালী গ্রামের নূরুল প্রথম, নিজনান্দুয়ালী গ্রামের ইউসুফ হোসেন দ্বিতীয় ও পারনান্দুয়ালী গ্রামের অশান্ত বিশ্বাস তৃতীয় হন।
ডোঙ্গা বাইচের মতো একটা অনুষ্ঠান আয়োজনের কারণ জানতে চাইলে ওহিদুল ইসলাম বলেন, বাংলা বর্ষবরণ উপলক্ষে আমাদের ইচ্ছা ছিল গ্রামবাংলা ঐতিহ্যকে এলাকাবাসীর সামনে তুলে আনতে।
“কিন্তু বর্তমানে পলি পড়ে নবগঙ্গা নদী সংকুচিত হয়ে যাওয়ায় নৌকা বাইচের আয়োজন করা সম্ভব নয়। সে কারনে বিকল্প হিসেবে আমরা তালের ডোঙ্গা বাইচের আয়োজন করেছি।”
