২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক অধিকার ফেরাতেই ইউপি ভোটে বিএনপি: ফখরুল

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা ফিরিয়ে দিতেই দলটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 01:37 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে শনিবার বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি ইউপি নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে।”

মির্জা ফখরুলকে দেওয়া এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডালিম চৌধুরী। এতে জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি সত্ত্বেও মানুষ বিএনপির প্রার্থীদের ভোট দিয়েছে। সামনের নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না।”

অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দেশে এখন ‘অস্থিতিশীল পরিবেশ’ বিরাজ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আসলে কবে কখন এমন পরিস্থিতি থেকে মানুষ মুক্তি পাবে, তা বলা কঠিন।”

‘এমন দুঃসময়ে’ বিএনপির মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মির্জা ফখরুল বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ার পর শুক্রবারই প্রথম ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে আসলেন।

জেলা যুবদল নেতা মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী জানান, বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে বিকাল ৪টায় এ গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। পথে একাধিক সভা করায় বিএনপি মহাসচিবের অনুষ্ঠানস্থলে পৌঁছতে রাত ৮টায় বেজে যায়।

মির্জা ফখরুল শনিবার কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান তিনি।