‘টাকা না পেয়ে’ পায়ে গুলির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নওগাঁর বদলগাছী উপজেলায় গভীররাতে এক ব্যক্তির বাড়ি গিয়ে টাকা আদায়ের চেষ্টার পর ধরে নিয়ে পায়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, মিঠাপুকুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের আব্দুল জলিল মণ্ডল (৪৫) নামে ওই একজন মাদক বিক্রেতা।
বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মাদক উদ্ধারে গেলে জলিল ও তার পরিবারের লোকজন পুলিশের উপর ‘হামলা’ চালায়। ‘বাধ্য হয়ে’ পুলিশ গুলি চালালে জলিল আহত হন। গুলিবিদ্ধ জলিল নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চার পুলিশ সদস্য ওই পরিবারের হামলায় আহত হন বলে পুলিশের ভাষ্য।
জলিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, জলিলের বাড়িতে মাদক আছে- এমন খবরে রাতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
“এতে এএসআই নুর ইসলাম, কনস্টেবল মাহমুদুল হাসান, আতিকুর রহমান ও শাহিনুর আলম আহত হন। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে জলিলের বাঁ পায়ে লাগে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”
ওসি রফিকুল বলেন, মাদক বিক্রি ও পুলিশের উপর হামলার অভিযোগে জলিল, তার ছেলে শাহাদত হোসেন ও আত্মীয় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও পুলিশের কাজে বাধার অভিযোগে দুটি মামলা হয়েছে।
তিনি জানান, জলিলের বিরুদ্ধে মাদক আইনে এর আগে নয়টি মামলা হয়। সম্প্রতি তার এক মাসের সাজাও হয়।
এক মাস কারাভোগের পর জলিল বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরেন জানিয়ে তার স্ত্রী মিনা খাতুন বলেন, “রাত ২টার দিকে বাড়ির সদর দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে দরজা খুললে কয়েকজন পুলিশ ভেতরে ঢুকে পড়ে।
“তারা আমার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে তাকে মারধর করে এবং পায়ে গুলি করে। পরে আমার স্বামী, ছেলে ও এক আত্মীয়কে ধরে নিয়ে যায়।”
পুলিশের উপর কোনো হামলা চালানো হয়নি বলে তিনি দাবি করেন।
জলিলের কাছে টাকা দাবির অভিযোগ অস্বীকার করে ওসি রফিকুল বলেন, “টাকা দাবির প্রশ্নই আসে না। তারা পুলিশের উপর হামলা করলে বাধ্য হয়ে পুলিশ এক রাউন্ড গুলি ছোড়ে।”
