‘পরকীয়ার জেরে’ হত্যার অভিযোগে আটক ২
যশোরের শার্শা উপজেলায় ‘পরকীয়ার’ জেরে একজনকে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বসতপুর বড় কলোনি গ্রামে নিজ বাড়ি থেকে ফজলুর রহমানের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান।
এ ঘটনায় আটক দুইজন হলেন ফজলুর স্ত্রী বিলকিস বেগম ও পার্শ্ববর্তী সেতাই গ্রামের পল্লি চিকিৎসক সাইদুর রহমান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিলকিসের সাথে সাইদুরের পরকীয়া হওয়ার পর ফজলুর তাদের সম্পর্কে বাধা দেন। এ কারণে তাকে খাবারের সাথে ঘুমের বড়ি দিয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।
“পরে বিলকিসের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী সেতাই গ্রামের পল্লি চিকিৎসক সাইদুর রহমানকে আটক করা হয়।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
