‘স্বামীর পিটুনিতে’ গৃহবধূর মৃত্যু
গাজীপুর শহরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের হাতিয়াবহ এলাকার শ্বশুরবাড়ি থেকে শারমিন আক্তারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন শারমিনের স্বামী আবদুর রহিম, শ্বশুর মো. ইব্রাহীম ও শাশুড়ি তাছলিমা বেগম।
জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন বলেন, চার বছর আগে রহিমের সঙ্গে গাজীপুর নগরীর বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার মৃত দুলাল মিয়ার মেয়ে শারমিনের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।
নিহতের স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই সুজায়েত জলেন, বিয়ের পর থকে রহিম যৌতুকের জন্যে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। শুক্রবার দুপুরেও প্রচণ্ড মারধর করেন।
“এলাকাবাসীর কাছে খবর পেয়ে দুপুর ১টার দিকে শ্বশুরবাড়ি থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালচে দাগসহ গলা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
সুজায়েত বলেন, রহিমের পরিবারের দাবি মারধরের কারণে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছে। ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে নামানোর পর তারা শারমিনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে, বলেন এসআই সুজায়েত।
