২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২

সাভারের আশুলিয়ায় সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আরও একজন মারা গেছে। এই নিয়ে দুইজনের মৃত্যু হলো।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনের এ বিস্ফোরণে স্টেশনের নজেলম্যান শামিম হোসেন (২৭) ঘটনাস্থলে মারা যান।

পরে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান প্রাইভেট কারের চালক ও মালিক সজল মিয়া (২৮)।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া ৪টার দিকে ওই ফিলিং স্টেশনে গ্যাস ভরার সময় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

“প্রাইভেট কারটি ছিন্ন-বিছিন্ন হয়ে এর যন্ত্রাংশ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই নজেলম্যান শামিম হোসেন নিহত এবং পাঁচজন আহত হলে তাদের স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল হাসপাতাল, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সন্ধ্যায় আহত সজলকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সজলের বাড়ি আশুলিয়ার চাকল গ্রামে।

আহত অন্য চারজন প্রাইভেটকারের যাত্রী ও পথচারী। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।

বিস্ফোরণের বিকট শব্দে সিএনজি স্টেশনের সামনের কাচ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।