২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহৃত’ যুবক উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

মুক্তিপণের জন্য ঢাকা থেকে ‘অপহৃত’ এক যুবককে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক দম্পতিকে আটক করেছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস।

উদ্ধার সুমন সরকার (২২) ঢাকার উত্তরখান থানার ময়ানটেক এলাকার মকবুল হোসেন সরকারের ছেলে।

আটক জিল্লার রহমান (৪০) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৩৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়ার পর সুমন সাংবাদিকদের জানান, পূর্ব পরিচয়ের সূত্রধরে ব্যবসার কথা বলে মোবাইলে উল্লাপাড়ার ভয়নগর গ্রামের মালেক তাকে আসতে বলে। সোমবার বিকেলে ঢাকা থেকে বাসে করে শ্রীকোলার মোড়ে নেমে মালেককে ফোন করলে সুমনকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

“রাত গভীর হলে মালেক ও নাসিরসহ কয়েকজন আমাকে হাত-পা-মুখ বেঁধে জিল্লারের বাড়ির একটি শোবার ঘরের খাটের নিচে আগে থেকে করে রাখা বড় গর্তে ফেলে দেয়। গর্তের উপর কাঠের চৌকি পেতে ঢেকে দেওয়া হয়।

তিনি বলেন, “পর দিন মঙ্গলবার রাতে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে গর্ত থেকে বেরিয়ে লোকজনকে বলার পর তারা সাহায্যের জন্য এগিয়ে আসেন। ”

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস জানান, কৌশলে অপহরণ করে ঘরের মধ্যে গর্তের ভেতর আটকে রেখে তারা মোবাইলে সুমনের পরিবারের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।”

তিনি জানান, সুমন গর্ত থেকে বেরিয়ে স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেয়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বাড়ির মালিক জিল্লার ও তার স্ত্রীকে আটক করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় উদ্ধার হওয়া সুমনের মামা মামলা করেছেন।