বরিশালে দুর্ঘটনায় ব্যাপ্টিস্ট চার্চ নেতা নিহত
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আঞ্চলিক এক নেতা নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনিব বাড়ৈ জ্যাকব (৫০) ব্যাপ্টিস্ট চার্চ সংঘের বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার ছবিখাঁর পাড় গ্রামে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার বিএইচপি একাডেমির সামনে দাঁড়িয়ে ছিলেন জ্যাকব। এ সময় একটি নছিমন পেছন থেকে তাকে ধাক্কায় দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
