২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর কাশেম হত্যায় সাত ভাইয়ের যাবজ্জীবন

খুলনায় কিশোর কাশেম মল্লিক হত্যা মামলায় ১৩ বছর পর সাতভাইসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সুলায়মান এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জব্বার শেখ, গোলাম শেখ, করিম শেখ, সোবহান শেখ, রহিম শেখ, জলিল শেখ ও সাত্তার শেখ এবং একই গ্রামের সাইফুল মল্লিক ও হারুন জমাদ্দার।

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী লিটন জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের মো. ইসরাইল মল্লিকের ছেলে কাশেম মল্লিককে (১৩) অপহরণ করে আসামিরা। পরে বিপ্র আজগড়া গ্রামের একটি বিলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। ১৯ ফেব্রুয়ারি পুলিশ কাশেমের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিন মো. ইসরাইল মল্লিক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম ২০০৪ সালের ২৪ ফ্রেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।