২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে উদ্ধার ২ লাশ ঝিনাইদহের শিবির নেতাকর্মীর

যশোরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশ ঝিনাইদহের কালীগঞ্জের দুই শিবির নেতাকর্মীর, যাদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে দাবি স্বজনদের।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

নিহতদের এক স্বজন জানান, নিহত আবুজর গিফারি (২২) কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে ও পৌর শিবিরের সভাপতি এবং শিবিরকর্মী শামীম হোসেন (২০) উপজেলার বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ গ্রামে লাশ উদ্ধারের খবর শুনে মর্গে গিয়ে আবুজর গিফারির চাচাতো ভাই পান্নু মিয়া ও শামীমের ভাই তাজনিম হুসাইন শনাক্ত করেন।

পান্নু মিয়া বলেন, “গত ১৮ মার্চ জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আবুজর গিফারিকে। এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আর গত ২৪ মার্চ বিকেলে একইভাবে শামীমকেও নিয়ে যাওয়া হয়।”

যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, যশোর মর্গে এসে স্বজনরা লাশ দুইটি আবুজর গিফারি ও শামীম হোসেনের বলে শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “শুনেছি কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ যশোরে পাওয়া গেছে।”

পুরনো খবর:

যশোরে পুকুরে দুইজনের গুলিবিদ্ধ লাশ