ট্রাক চাপায় প্রাণ গেল ছেলের, বাবা আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুল কাটানোর পর বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন তার বাবা।
বুধবার দুপুরে তাজপুর এলাকায় এ দুর্ঘটনার খবর জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী।
নিহত আশিক (৮) গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর এলাকার মোকছেদ আলীর ছেলে।
আহত মোকছেদ আলীর চিকিৎসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলার ১১টার দিকে স্থানীয় বালুয়া বাজারে আশিকের চুল কাটানোর পর মোটরসাইকেলে করে বাবা ও ছেলে বাড়ি ফিরছিলেন।পথে রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।
