সাভারে বাস চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-আরিচা সহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুর রহমান জানান।
নিহত মিজানুর রহমান (২৮) পাবনার সাঁথিয়া উপজেলার গাগরাখালি এলাকার আফসার সরদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে ঢালাই কাজের জন্য মিকশ্চার মেশিন নিয়ে কয়েকজন নির্মাণ শ্রমিক নবীনগর থেকে বিশমাইলের দিকে যাচ্ছিলেন।
“পথে শাহ আলী পরিবহনের একটি বাস মিকশ্চার মেশিনটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়।”
পুলিশ লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
