সিলেটে পরিবহণ ধর্মঘটের হুমকি
এক হামলার ঘটনাকে কেন্দ্র করে ডাকা পেট্রোল ও সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে সিলেটের পরিবহণ শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
সেলিম বলেন, “পেট্রোলপাম্পে হামলার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের মদদদাতা সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশনের সভাপতি তার সহযোগীদের নিয়ে ধর্মঘট ডেকে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
“তাদের ডাকা ধর্মঘটের কারণে অসহায় শ্রমিকরা যেমন বিপাকে পড়েছেন তেমনি শিক্ষার্থী, চাকরিজীবী ও মেহনতি মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।’’
সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও লুটপাটের অভিযোগে বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তেরা মিয়া, সহসভাপতি শাহ জামাল, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কার্যকারী সভাপতি সুন্দর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক গফুর মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
বৃহস্পতিবার থেকে ধর্মঘট ছাড়া বুধবার সকালে সিলেট জেলা প্রশাসক বরাবর পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেবেন তারা।
