ডিবি পরিচয়ে রোকেয়ার ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে সর্দারপাড়া এলাকায় মোসলেমীন ছাত্রাবাস থেকে আব্দুল্লাহ আল মামুনকে তুলে নেয় বলে জানিয়েছে ওই ছাত্রবাসের শিক্ষার্থীরা।
মামুন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র।
তবে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো অভিযান চালায়নি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
শিক্ষার্থীকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, “সকাল ৯টার দিকে বিষয়টি জানার পর থেকে ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কোনো সন্ধান দিতে পারেনি।”
রংপুর ডিবি শাখার ওসি তাপস সরকার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কয়েকজন শিক্ষক এ বিষয়ে জানতে ফোন করেছিলেন। সোমবার বিশ্ববিদ্যালয় এলাকায় ডিবি পুলিশ কোনো অভিযান চালায়নি।
“হয়তো দুর্বৃত্তরা তাকে তুলে নেওয়ার সময় ডিবির পরিচয় দিয়েছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে মামুনের সন্ধান চেয়ে তার ফুফাতো ভাই আক্কাস আলী মঙ্গলবার দুপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ওই ছাত্রের ফুফাতো ভাই একটি জিডি করেছেন। তার সন্ধান করা হচ্ছে।
ছাত্রবাসের শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৩টার সময় সাধারণ পোশাকে ১৫ জন লোক ছাত্রবাসের মূল গেইটে শব্দ করে তালা খুলতে বলে। এ সময় ৩-৪ জন শিক্ষার্থী দরজার কাছে গেলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে।
দরজা খুলে দেওয়ার পর তারা ভেতরে ঢুকে রাজবাড়ির মামুন নামে কেউ থাকে কি না জানতে চায়। এক পর্যায়ে মামুনের মোবাইল নম্বরে রিং করলে মামুনের কক্ষে মোবাইল বেজে ওঠে। তারা মামুনকে দরজা খুলতে বলে এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় বলে শিক্ষার্থীদের অভিযোগ।
ছাত্রবাসের বাইরে একটি সাদা রংয়ের মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে করে মামুনকে তুলে নিয়ে যায় বলে জানান ছাত্রবাসের শিক্ষার্থীরা।
মামুনের বড় ভাই হাসান আলী মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষক মঙ্গলবার সকালে মামুনকে তুলে নেওয়ার কথা জানান।
“বিষয়টি জানার পর থেকেই আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তবে তাকে তুলে নেওয়ার বিষয়টি ডিবি পুলিশ অস্বীকার করছে।”
বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন জাগ্রত নবীন মঙ্গলবার দুপুরে ক্যম্পাসে মানববন্ধন করে মামুনের সন্ধান দাবি করেছে বলে সংগঠনের সভাপতি মাহবুব আলম জানিয়েছেন।
