২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ২ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে এক মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাড়দহ বকুলতলায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের বড় ভাই আব্দুল মান্নান (৬৫) এবং রামবাড়ির মৃত আব্দুল গনির ছেলে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০)।

আহতদের মধ্যে দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকটি সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে শাহজাদপুর থেকে উল্লাপাড়ামুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই চাঁন মিয়া নিহত হন। আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১২টার দিকে মান্নানের মৃত্যু হয়।”

ওসি বলেন, চাঁন মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।