২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা কর্মকর্তাকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারে একটি পোশাক কারখানার এক কর্মকর্তাকে গুলি করে সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

গুলিবিদ্ধ শাওকত মাহমুদকে (৩৭) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হেমায়েতপুর নয়াপাড়া এলাকার ‘হ্যাভেন অ্যাপারেলস লিমিটেড’  পোশাক কারখানার পরিচালক।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ১২ লক্ষাধিক টাকা নিয়ে আসার সময় দুই মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে টাকা ছিনিয়ে নেয়।।

“দুর্বৃত্তরা ঢাকা থেকেই তার পিছু নিয়েছিল। পথে মধুমতি মডেল টাউনের সামনে এসে সুযোগ পেয়ে কাজে লাগায়।”

কারখানাটির আরেক পরিচালক মো. গফুর জানান, শ্রমিকদের বেতনের জন্য রাজধানীর মিরপুরের ইসলামী ও এক্সিম ব্যাংক থেকে প্রায় ২৫ লক্ষাধিক টাকা উত্তোলন করে দুটি ব্যাগে ভরে প্রাইভেটকারে কারখানার দিকে যাচ্ছিলাম।

মধুমতি মডেল টাউনের সামনে দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস দিয়ে আমাদের গাড়িটির গতিরোধ করে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে শাওকতকে গুলি করে একটি ব্যাগ নিয়ে যায়।

“আমাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।”

ব্যাগটিতে ১২ লাখ ৫২ হাজার ৫৫০ টাকা ছিল বলে জানান তিনি।