২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকল শ্রমিকরা মঙ্গলবারও অবরোধ করবে

প্রধানমন্ত্রীর ঘোষিত অর্থ কীভাবে পরিশোধ করা হয় দেখে কর্মসূচি ঠিক করা হবে বলে খুলনা-যশোরের আন্দোলনরত পাটকল শ্রমিকরা জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 05:57 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

মঙ্গলবারও রাজপথ-রেলপথ অবরোধসহ পাটকলে কাজ বন্ধ রাখা হবে বলে জানান বাংলাদেশ রাষ্ট্রয়াত্ত পাটকল শ্রমিক সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের সভাপতি মো. সোহরাব হোসেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বিজেএমসির অনুকূলে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বিজেএমসির নামে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলেছেন।

এ বরাদ্দ পাওয়ায় বিজেএমসির দীর্ঘ দিনের অচলবস্থার নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিবিএ নেতা মো. সোহরাব হোসেন বলেন, প্রধানমন্ত্রীর হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণার পরও খুলনাঞ্চলের ৭টি পাটকলের প্রায় ৩৫ হাজার শ্রমিক রাজপথ-রেলপথ অবরোধ মঙ্গলবারও অব্যাহত রাখবে।

“মঙ্গলবার পাট মন্ত্রাণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকে জানতে হবে শ্রমিকদের মুজরি কী পরিমাণ পরিশোধ করা হচ্ছে, পাটখাতে কত টাকা বরাদ্দ হচ্চে, মহার্ঘ ভাতার জন্য কত বরাদ্দ দেওয়া হচ্ছে।”

দাবি অনুযায়ী বরাদ্দ সঠিক হলে আন্দোলন স্থগিত করা হবে বলে জানান তিনি।

“তবে মঙ্গলবারও অবরোধ চলবে এবং মিলের উৎপাদন বন্ধ থাকবে।”

গত সপ্তাহে সোমবার থেকে খুলনা ও যশোরের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করে শ্রমিকরা। পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করে তারা।

এরপর দাবি পূরণের জন্য খুলনা জেলা প্রশাসনকে শুক্র থেকে রোববার তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। রোববারের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সোমবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু করে এবং সঙ্গে কাজও বন্ধ রাখে।