২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড তাপদাহের মধ্যে ঘন কুয়াশা

চৈত্রের শেষদিকে এসে সারাদেশের মতো প্রচণ্ড তাপদাহেও ঘন কুয়াশা দেখা গেছে ঠাকুরগাঁওয়ে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 07:49 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

এ কারণে রোববার সকাল ৯টার আগে সূর্যের দেখা মেলেনি জেলার বেশিরভাগ এলাকায়।

ঠাকুরগাঁওয়ে কনকনে শীতের সকালে এমন কুয়াশা স্বাভাবিক হলেও বসন্তের সকালে ভ্যাপসা গরমের মাঝে কুয়াশা পড়তে দেখা যায় না।  

শীতের মৌসুমে উত্তরের এই জেলার সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতেও দেখা যায়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রক্ষিত তাপমাত্রা পরিমাপক যন্ত্রে সকাল ৮টায় তাপমাত্রা ছিল ৩১ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; দুপুর ২টায় ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।  

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, চৈত্র মাসে এমন ঘন কুয়াশা এই অঞ্চলে আগে দেখা যায়নি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির বলেন, আবহাওয়ার এই বৈচিত্র্যপূর্ণ আচরণকে এক ধরনের দুর্যোগ বলা যায়। এই তারতম্য মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয়।

শিশুরা এ সময় সর্দি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি।