২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুরে দুই শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ টাঙ্গাইল জামালপুরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 03:42 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার সকাল থেকে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়।

ফলে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো থেকে ওই অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান যমুনা অয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোর ম্যানেজার আব্দুল মজিদ খান।

তিনি বলেন,  শ্রমিক ধর্মঘটের কারণে বাঘাবাড়ির তিনটি (পদ্মা, মেঘনা ও যমুনা)  ডিপো থেকে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলাসহ টাঙ্গাইল ও জামালপুরে সব ধরণের জ্বালাণি তেল সরবরাহ বন্ধ রয়েছে। 

গত ২১ মার্চ দিনাজপুর থেকে পাবনার নগরবাড়িতে আসার পথে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য ট্রাক চালক কোরাইশ খান এবং তার সহকারী রমজান সর্দারকে হত্যা করে ট্রাকে থাকা ৭২০ বস্তা চাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও হত্যাকারীদের গ্রেপ্তার বা লুট হওয়া চাল উদ্ধার করতে পারেনি।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা তেল সরবরাহ বন্ধ রেখে শুক্রবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় শনিবার সকাল থেকে নির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে।

“খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”