২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজারে দুইটি অভিযানে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 05:48 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শুক্রবার টেকনাফের হ্নীলা এবং কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা এলাকায় ওই অভিযান চালানো হয়।

আটকরা হলেন হ্নীলার জাদিমুরার মোহাম্মদ হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (১৮), মোচনির আবুল হোসেনের ছেলে মো. গজর মিয়া (১৮), রামুর রাজারকুলের মৃত হৃদয়রঞ্জন ধরের ছেলে ধনরঞ্জন ধর (৪৫) ও তার স্ত্রী রিনা ধর (৪০)।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান অনুপ্রবেশের খবরে বিজিবির দমদমিয়া সীমান্ত চৌকির সদস্যরা হ্নীলার মোচনী এলাকায় নাফ নদীর প্যারাবনে অবস্থান নেন।

“পরে নাফ নদীর কিনারায় নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ধরার জালে মোড়ানো অবস্থায় একটি পলিথিনের ব্যাগে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই সময় নৌকায় থাকা দুই জনকে আটক করা হয়।”

উদ্ধার ওই ইয়াবার মূল্য ৭২ লাখ টাকা বলে জানান তিনি।

নৌকাটি জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ‘ইয়াবাসহ’ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়।

তিনি বলেন, আটক এ দুই জনের সিটের নিচে রাখা একটি ব্যাগে ৪ হাজার ৮৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ওই ইয়াবার মূল্য ১৪ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমরান।