২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

যশোরে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 08:40 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর থেকে ওই শিশুকে উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি।

উদ্ধার ফয়সাল (৮) ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়ারা গ্রামের মন্টু মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন যশোর শহরের বারান্দিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাগর শেখ (৩৫) ও মণিরামপুরের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে মিজানুর রহমান মিন্টু (৩৬)।

র‌্যাব ক্যাম্প কমান্ডার বলেন, মঙ্গলবার ভোরে ঝিকরগাছার উপজেলার শরণপুর গ্রামে নানা বাড়ি থেকে দুর্বৃত্তরা ফয়সালকে তুলে আনে। পরে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“এ ঘটনায় শিশুটির বাবা র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে রূপদিয়া এলাকা থেকে সাগর শেখকে আটক করা হয়।”

পরে সাগরে দেওয়া তথ্যানুসারে মণিরামপুরের মথুরা গ্রাম থেকে র‌্যাব শিশুটিকে উদ্ধার ও মিন্টুকে আটক করে বলে জানান তিনি।