২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম হত্যার প্রতিবাদে সিলেটে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনলাইন অ্যাক্টিভিস্ট ও গণজাগরণ মঞ্চ কর্মী নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা এ হত্যাকে জঙ্গিদের পরিকল্পিত হত্যা বলে দাবি করেন।

সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, নাজিম সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। পরিকল্পিত ভাবেই তাকে খুন করা হয়েছে।

“আমরা এ হত্যার তীব্র নিন্দা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতা আনার দাবি জানাচ্ছি।”

২৭ বছর বয়সী নাজিমুদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন বিভাগের ছাত্র ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাসায় ফেরার সময় সূত্রাপুরের একরামপুরে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় তাকে।