২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক ক্যাশিয়ারকে বরখাস্ত করার চারদিন পর পটুয়াখালী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপকসহ আরও তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক দহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বৃহস্পতিবার একথা জানানো হয়।

নতুন যোগদানকারী মহাব্যবস্থাপক (জিএম) বিধান রঞ্জন বৈশ্য একথা নিশ্চিত করেন।

বরখাস্ত কর্মকর্তারা হলেন পটুয়াখালী অফিসের জিএম প্রকৌশলী হাফিজ আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাবরক্ষক তারিবুল্লা আকন।

এর আগে বরখাস্ত হন প্রতিষ্ঠানের কলাপাড়া উপজেলা জোনাল অফিসের ক্যাশিয়ার জায়েদা খানম।

বিধান রঞ্জন বৈশ্য জানান, গত শনিবার (২ এপ্রিল) পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির অগ্রণী ব্যাংক পুরান বাজার শাখার একটি হিসাবে টাকার গড়মিল দেখা দিলে ৬ কোটি ৪৬ লাখ টাকা জমা না হওয়া এবং আত্মসাতের ঘটনা প্রকাশ পায়।

“পরদিন থেকে (৩ এপ্রিল) কোষাধ্যক্ষ জায়েদা খানম পলাতক রয়েছেন।”

ওইদিনই টাকা আত্মসাতের অভিযোগে জায়েদা খানমকে বরখাস্ত করেন ওই সময়ের জিএম (বর্তমান বরখাস্ত) হাফিজ আহমেদ।

এছাড়া সোমবার জায়েদাকে আসামি করে জিএম হাফিজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনা তদন্তে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) লুৎফর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে বিধানরঞ্জন বৈশ্য জানান।

সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।