ময়মনসিংহে জিএনএলএ সদস্য আটকের খবর
ময়মনসিংহের হালুয়াঘাটে অস্ত্রসহ ‘ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জিএনএলএ’-এর এক সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার গভীর রাতে চরবাঙ্গালীয়া থেকে সুবেস চিসিম ওরফে বেস নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী।
ইমারত হোসেন গাজী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদ পেয়ে গভীর রাতে চরবাঙ্গালীয়া এলাকায় অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছোড়ে।
“পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যাওয়ার সময় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আদিবাসী সুবেস চিসিমকে আটক করা হয়।”
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সুবেস চিসিম পুলিশকে জানিয়েছেন যে, তিনি ‘ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি-জিএনএলএ-এর সক্রিয় সদস্য’।
