২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে কানাডার নাগরিক আটক

অবৈধভাবে মিয়ানমার যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে কানাডার এক নাগরিককে দুটি পাসপোর্ট ও বিভিন্ন পরিচয়পত্রসহ আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 12:26 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

ডোনাল্ড ফ্রান্সিস ডানভারকে (৬২) বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া তল্লাশি চৌকির সদস্যরা আটক করে বলে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

অধিনায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি মাইক্রোবাস ওই তল্লাশি চৌকি অতিক্রম করার সময় থামানো হয়।

“মাইক্রোবাসের যাত্রী বিদেশি নাগরিক হওয়ায় সন্দেহজনক মনে করে তাকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মিয়ানমার যাচ্ছিলেন বলে স্বীকার করেন।”

এ সময় ফ্রান্সিসের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি পাসপোর্ট এবং ৪৭টি বিভিন্ন ধরনের পরিচয়পত্রসহ অন্যানন্য কাগজপত্র উদ্ধার করা হয় বলে বিজিবি কর্মকর্তা জানান।

তিনি বলেন, ফ্রান্সিস নিজেকে পর্যটক বলে দাবি করলেও অবৈধভাবে মিয়ানমার যাওয়ার চেষ্টা করায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।

অপরদিকে জিজ্ঞাসাবাদ শেষে মাইক্রোবাস চালককে ছেড়ে দেওয়া হয় বলে বিজিবি কর্মকর্তা জানান।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, বিজিবি একজন বিদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তার পাসপোর্ট ও অন্য কাগজপত্র যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।