যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাত জন।
বুধবার দুপুরে উপজেলার কেসিরোড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান বাবু।
নিহতরা হলেন সিরাজদিখানের ঘোড়ামাড়া গ্রামের সুকুমার মল্লিকের ছেলে সীমান্ত মল্লিক ও শ্রীনগরের কেওটখালী গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এএসপি সামসুজ্জামান বলেন, ঢাকা থেকে মাওয়াগামী ভিআইপি-আপন পরিবহনের যাত্রীবাহী একটি বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তা থেকে প্রায় ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
বাসটি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে বলে জানান তিনি।
