কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
কুষ্টিয়ার ভেড়ামারায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার ফারাকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভেড়ামারা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান।
আটক আবুল কালাম (৪৫) ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
নির্যাতনের শিকার শিশুটি (৯) স্থানীয় একটি স্কুলের ছাত্রী। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শক আতিকুর জানান, মঙ্গলবার বিকালে মেয়েটিকে তার প্রতিবেশী আবুল কালাম তার বাড়ি ডেকে নিয়ে যায়। সেদিন আবুল কালামের বাড়িতে স্বপন নামের এক আত্মীয় বেড়াতে আসে।
“কালাম মেয়েটিকে তার বাড়ি নিয়ে যাওয়ার পর স্বপন তাকে জোর করে ধর্ষণ করে।”
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে স্বপন পালিয়ে যায়। পরে এলাকাবাসী আবুল কালামকে আটক করে পুলিশে দেয় বলে জানান তিনি।
আতিকুর জানান, খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার বলেন, মেয়েটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ায় ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিসক তাপস কুমার সরকার বলেন, শিশুটির ক্ষতের মাত্রা খুবই ক্রিটিক্যাল, চিকিৎসা চলছে।
পরিদর্শক আতিকুর বলেন, এ ঘটনায় ওই শিশুর মা দুই জনকে আসামি করে মামলা করেছেন।
তিনি জানান, ঘটনার পর থেকে স্বপন (২৭) পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। সে উপজেলার ষোলদাগ মুন্সিপাড়ার রুস্তম আলীর ছেলে।
