গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা হামলায় অভিযোগপত্র
গাইবান্ধার তুলশীঘাটে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় এক বছর পর বিএনপি ও জামায়াত নেতাসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, গত ২৫ মার্চ জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদ হাবীব, জেলা জামায়াতের আমির আব্দুর রহিম সরকার ও পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান (বরখাস্ত) নজরুল ইসলামসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে আব্দুর রহিম সরকার ও নজরুল ইসলামসহ ৩২ জন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে শিশুসহ আটজন নিহত ও অন্তত ৪০ জন দগ্ধ হন।
পরদিন গাইবান্ধা সদর থানার এসআই মাহবুব হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২৮-৩০ জনকে আসমি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
এসআই হাবিবুর রহমান বলেন, “মামলার পক্ষে কাগজপত্র সংগ্রহ এবং আসামিদের সনাক্ত করতে সময়ের প্রয়োজন হয়েছে, এ কারণে অভিযোগপত্র দিতে দেরি হয়েছে।”
ঘটনার এক বছর একমাস ১৯দিন পর অভিযোগপত্র দেওয়া হয়েছে।
