২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার প্রতিবাদ অব্যাহত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী,গাজীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 12:57 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

ফেনী, গাজীপুর ও মুন্সীগঞ্জে তনুর প্রতিবাদে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির খবর পাওয়া গেছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তনুকে হত্যা করে। পুলিশ ধারণা করছে তাকে হত্যার আগে তনু ধর্ষণের শিকা্র হন। তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফেনী

রোববার দুপুরে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ সড়কে মানববন্ধন করে ফেনী হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানবন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজেরে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।

বক্তারা তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন।

তনু হত্যাকারীদের আইনের আওয়তায় আনতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ায় আহ্বান জানান তারা।

গাজীপুর

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় প্রফেসর ড. হারুন অর রশিদ, উপ উপাচার্য় ড. নোমানউর রশিদ, উপউপাচার্য মোনাজ আহমেদ নূর, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন বক্তব্য দেন।

বক্তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জেও তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

রোববার দুপুরে শহরের শিল্পকলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগ, লাইব্রেরি ফর দ্য চিল্ড্রেন, ইচ্ছে পূরণসহ কয়েকটি সংগঠন।

এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

জেলা শিল্পকলা একাডেমির সমানের রাস্তায় তারা হাতে হাত ধরে অবস্থান নেয়। তাদের হাতে ছাত্রী ও নাট্যকর্মী তনু হত্যার বিচারের দাবিতে নানা ফেস্টুন স্থান পায়।

পরে লাইব্রেরি ফর দ্য চিল্ড্রেন জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।