কিশোরগঞ্জে স্কুলশিক্ষক মৌ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে স্কুল শিক্ষক আতিয়া জাহান মৌকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্যোগে রোববার সকালে জেলা শহরের কালীবাড়ি মোড়ে মানববন্ধন করেছে।
আতিয়া জাহান মৌ (২৪) জেলার মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
গত ৬ নভেম্বর রাতে কয়েকজন দুর্বৃত্ত কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসায় তাকে একা পেয়ে নির্যাতন শেষে হত্যা করে দুবৃত্তরা।
হত্যাকাণ্ডের পর নিহতের মা রওশন আরা কবিতা টিটু, রাজিব ও রিফাতকে আসামি সদর থানায় মামলা করেন।
রোববারের মানববন্ধনে নিহতের তার মা রওশন আরা কবিতা, ভাই কামরুল হাসান অনিক, বোন আফরিন আরা সামিরা, খালা মমতাজ আরাসহ তার স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে স্বজনরা অভিযোগ করেছেন, আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং নিহতের পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখাচ্ছে।
মামলার পর তদন্ত কার্যক্রম ও আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ এনে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়।
এরপর গত ৩ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি ইউসুফ হায়দার ওরফে রিফাতকে (৩০) সিআইডি পুলিশ গ্রেপ্তার করলেও বাকি দুই আসামি এখনও আটক হয়নি।
সিআইডি কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান বলেন, ‘প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা আতিয়া জাহান হত্যা মামলার অন্যতম আসামি রিফাতকে ধরতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
