ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড় মোড়ে একটি ‘লোকাল’ বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের বিশ্বরোড় মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (২২) টাঙ্গাইল জেলার আউলটিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি আশুগঞ্জে এসএসএস নামের এক বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহাকারী ছিলেন।
আশুগঞ্জ এসএসএস এর জোনাল অফিসার আসকেন আলী জানান, মনির হোসেন অফিসের জরুরি কাগজপত্র নিয়ে আশুগঞ্জ থেকে দিগন্ত পরিবহন নামের এক বাসে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
‘আহত মনির হোসেন (২৪) ও মামুন মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই বাসযাত্রী।’
ঘটনার সত্যতা শিকার করে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রামপ্রসাদ ঘোষ বলেন, আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি লোকাল বাসের সাথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মৃতদেহ ময়না তদন্ততের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
