গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী গ্রেপ্তার
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উপজেলার গোবিন্দির চর থেকে তাকে গ্রেপ্তারের সময় অপহৃত দুই বৃদ্ধকে উদ্ধার করা হয় বলে জানান সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তার ইদ্রিস আলী পাটোয়ারি (৪৫) ফুলছড়ি উপজেলার দক্ষিণ খোলাবাড়ি গ্রামের মৃত গরিব উল্লার ছেলে।
তার বিরুদ্ধে সাঘাটা থানাসহ বেশ কিছু থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
এ সময় তার কাছ থেকে দুইটি পাইপগান ও ১২ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানান ওসি।
উদ্ধার ইয়ামিন মন্ডল (৬৪) ও জব্বার মন্ডলের (৬৩) বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলায়।
ওসি মোস্তাফিজুর বলেন, আদমদিঘি থেকে গত সোমবার ইয়ামিন ও জব্বারকে অপহরণ করে ইদ্রিস আলী পাটোয়ারি ও তার সহযোগীরা। পরে ইদ্রিস আলী অপহৃত দুই ব্যক্তির পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা ঘটনাটি পুলিশকে জানায়।
“পরে গোপন খবরে অভিযান চালিয়ে গোবিন্দির চর এলাকা থেকে অপহরণকারী ইদ্রিস আলীকে দুটি পাইপগান ও ১২ রাউন্ড গুলিসহ আটক এবং অপহৃত ইয়ামিন মন্ডল ও জব্বার মন্ডলকে উদ্ধার করা হয়।”
