লালমনিরহাটে শ্বাসরোধে শিশু হত্যা
লালমনিরহাটের হাতীবান্ধায় এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার খালুর বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন জানান, শনিবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম (১৪) ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।এ ঘটনার পর থেকে শিশুর খালু নান্নু মিয়া পলাতক রয়েছেন।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির বাবার বরাত দিয়ে ওসি মতিন বলেন, নান্নু মিয়া রাত সাড়ে ১১টার দিকে তার (দেলোয়ার) বাড়িতে আসেন এবং ইব্রাহীমের সঙ্গে ঘুমাতে যান।
“রাতে কোনো এক সময়ে ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তিনি একইভাবে ইব্রাহীমের ছোট ভাই আবু বক্কর এবং দাদি জোবেদা বেগমকে (৬০) হত্যার চেষ্টা করেন।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলে জানান তিনি।
