২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচনী সহিংসতায় বগুড়ায় পুলিশের গুলি, ১৪৪ ধারা জারি

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষ বাধলে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার পাঠানপাড়া গ্রামের এ ঘটনায় ওই এলাকায় দুপুর ১টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে পাঠানপাড়া গ্রামের সেলিম হোসেন ও আব্দুস সামাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আব্দুস সামাদ জয়লাভ করেন।

এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, দা-বঁটি, বল্লমসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে পাঠানপাড়া গ্রামের শাহেন আলী (৫০), কালু (৫০), ঠান্ডা (৪৫) ও মিঠু (৪০) গুরুতর আহত হলে তাদের সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আবার সংঘর্ষের আশঙ্কায় শনিবার দুপুর ১টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত ওই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির আহম্মেদ সরফরাজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে।