বরিশালে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বরিশালের আড়িয়াল খাঁ নদীতে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর উদ্ধার হয়েছে পান ব্যবসায়ী ফয়জর আলী শিকদারের (৫০) লাশ।
শনিবার আড়িয়াল খাঁ নদীর শাখা মাটিভাঙ্গা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
শুক্রবার সকালে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন ফয়জর।এ সময় নৌকায় আরও দুজন থাকলেও তারা সাঁতরে তীরে ওঠেন।
এরপর তার সন্ধ্যানে নৌ ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মনজুরুল করিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
