২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সংঘর্ষে এমপির গাড়ি ভাংচুর

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 09:08 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাত নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের এক নেতাকে মঞ্চে উঠতে না দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Image
আব্দুল ওয়াদুদ দারা (ফাইল ছবি)

আব্দুল ওয়াদুদ দারা (ফাইল ছবি)

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাই উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের এ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত হন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন।

সভা শুরু হওয়ার পর পরই সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ বর্ধিত সভায় উপস্থিত হয়ে মঞ্চে উঠতে গেলে কয়েকজন নেতা তাকে বাধা দেয়।

এসময় তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মজিদ মঞ্চ থেকে পড়ে যায়। এতে মজিদের সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে হামলা চালালে উয়ভ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে আব্দুল মজিদ ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

সংঘর্ষে আহত জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী বলেন, “আব্দুল মজিদ জেলার নেতা। তিনি সেখানে আমন্ত্রিত ছিলেন না। লোকজন নিয়ে গিয়ে বর্ধিত সভার মঞ্চ দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে মজিদের লোকজন আমাদের উপর হামলা চালায়।”

এ সময় সভা মঞ্চ গুড়িয়ে দেওয়াসহ সংসদ সদস্যের গাড়িতে হামলা চালানো হয় বলেও জানান তিনি।

মকছেদ আলী জানান, হামলায় তিনিসহ ২০/২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাস্টার, দাওকান্দি কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, আব্দুল মান্নান, মোস্তফা কামাল, মোস্তাকিন আলী, হরিরামপুর কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম সাবু, ইদ্রিস আলী, সাইদুর রহমান মাস্টারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পাঁচ জনকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছয়জনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যরা দাওকান্দি ও দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণ বর্ধিত সভা শুরু করি। সভা পণ্ড করতে আব্দুল মজিদ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।”

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা বলেন, “আব্দুল মজিদ আওয়ামী লীগের গঠনতন্ত্র ভঙ্গ করে ওই সভায় উপস্থিত হয়ে হামলা চালায়। এসময় আমার গাড়িও ভাংচুর করা হয়েছে।”

মজিদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা ও তাকে দল থেকে বহিষ্কারের জন্য দলের নীতিনির্ধারকদের জানানো হবে বলেও জানান সাংসদ দারা।