২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কৃষ্ণ মন্দিরে ডাকাতি

পুরোহিতকে পিটিয়ে নারায়ণগঞ্জে এক কৃষ্ণ মন্দির থেকে পিতলের বিগ্রহসহ স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে এক দল ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী কৃষ্ণ মন্দিরের ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনাস্থল যান।

মন্দিরে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পূজারী তনয় গোস্বামী বলেন, দরজা ভাঙার শব্দ শুনে ঘুম ভাঙার সাথে সাথে ডাকাতরা তাকে এলোপাথারি পিটিয়ে গলায় দা ধরে হাত-পা ও চোখ বেঁধে ফেলে।

ডাকাতদের মুখে মুখোশ ও কাপড় বাঁধা থাকায় কাউকেই চিনতে পারেননি তিনি।

কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শান্তি ভূষণ সাহা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ১০/১২ জন মুখোশধারী ডাকাত কৃষ্ণ মন্দিরের পূজারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।পূজারী তনয় গোস্বামীকে (৩৫) পিটিয়ে আহত করে অস্ত্রের মুখে তার কাছ থেকে মন্দিরের চাবি ছিনিয়ে নেয় তারা।

‘পূজারীর হাত-পা-চোখ বেঁধে তাকে মন্দিরের সামনে ফেলে রাখে।

‘মন্দির থেকে বড় আকৃতির ৩টি পিতলের গোপাল বিগ্রহ,কাঠের কৃষ্ণ মূর্তির স্বর্ণের ব্রেসলেট, আংটি, রাধার মূর্তির স্বর্ণের কানের দুল, চুড়ি, নাকের নথ, টিকলি নিয়ে যায় তারা।’

এছাড়া, কাসার থালা বাসন, ঘণ্টা, কাশি, পুরোহিতের ঘর থেকে স্বর্ণের একটি আংটি, একটি মোবাইল ও নগদ ২৮ হাজার লুট করে ডাকাত দল বলে জানান তিনি।

পরে পূজারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তার হাত-পায়ের ও চোখের বাঁধন খুলে দেয়।