২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেছে সেন্টমার্টিনে আটকা পড়াদের ১৬০ জন

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া শতাধিক পর্যটকের মধ্যে ১৬০ জন টেকনাফে ফিরেছেন।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সকালে ট্রলার ও স্পিডবোটে করে তারা টেকনাফে ফেরেন বলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানিয়েছেন। 

তবে আরও অন্তত ৩০ পর্যটক সেন্টমার্টিনে আটকা রয়েছেন বলে জানান তিনি।

শুক্রবার ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকা পড়েন এ পর্যটকরা।

ইউএনও শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও কোনো জাহাজ না ছাড়ায় পর্যটকদের দ্বীপেই অবস্থান করতে বলা হয়।

“তারপরও অনেক পর্যটক নিজ উদ্যোগে বিভিন্ন ট্রলার ও স্পিডবোটে  করে টেকনাফ ফিরেছেন।”

তবে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সকাল ৯টার দিকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে নৌযান চলাচলে এখন আর কোনো বাধা নেই।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সতর্ক সংকেত প্রত্যাহার করা হলেও কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সিদ্ধান্ত নিতে না পারায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ ছাড়েনি।

পুরনো খবর:

সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক