২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়েনি।

“ফলে এর আগের দিন বেড়াতে গিয়ে রাত্রিযাপন করা পর্যটকরা শুক্রবার সেন্টমার্টিন থেকে ফিরতে পারেননি।”

আটকা পড়া পর্যটকদের খোঁজখবর নিতে স্থানীয় পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওসি জানান।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল ও আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় শুক্রবার সকাল থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর আহমেদ বলেন, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচলকারী জাহাজ ও ট্রলারে করে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে আসেন।

বিকাল সাড়ে ৩টায় তাদের অধিকাংশই টেকনাফ ফিরে গেলেও শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান। তারা আটকা পড়েছেন বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে নৌরুটের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের খোজঁখবর নেওয়া হচ্ছে।