ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৪
দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোহাম্মদ আলাউদ্দিন সাংবাদিকদের জানান।
তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী ফল নিয়ে উত্তেজনার জের ধরে নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ (ঘোড়া) ও পরাজিত প্রার্থী কবির মিয়ার (আনারস) কয়েক শ সমর্থক দুই ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় ওই এলাকার দানু মিয়া (৩৫), জিল্লর রহমান (৩২), গোলাম জিলানী (৩৮) ও নাসু মিয়া (৩২) গুলিবিদ্ধ হন।
এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে পুলিশ কর্মকর্তা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে বীরগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
